রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের রামসিংপুর গ্রামে অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর পুড়ে গেছে। গতকাল সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, সকালে হঠাৎ ঘরে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর আগেই ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। তিনি বলেন, আগুন লাগার পর কিছুই বের করতে পারি নাই। সব পুড়ে শেষ। এখন আমরা খোলা আকাশের নিচে আছি। স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম পেশায় দিনমজুর। তবে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বর্তমানে তিনি কর্মহীন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় এই অগ্নিকাণ্ডে তাঁর পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এজিএস আবুল কাশেম নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি তাদের দলের একজন কর্মীর পরিবার। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল বলেন, নজরুল ইসলামের পক্ষে নিজ খরচে নতুন করে বসতঘর নির্মাণ করা সম্ভব নয়। তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে এসে সহায়তার আহ্বান জানান। এলাকাবাসী মনির হোসেন বলেন, নজরুল ইসলাম অত্যন্ত দরিদ্র একজন মানুষ। তাঁর বসতঘর পুনর্র্নিমাণে মানবিক সংগঠনসহ সবার সহযোগিতা প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাটি পরিদর্শনে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম অগ্নিকাণ্ডের ঘটনাটি জেনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক আশ্বাস দিয়েছেন।
