রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রিন্টিং কারখানায় ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত দুর্র্ধষ ডাকাতির ঘটনায় লুট হওয়া মেশিনারিজ উদ্ধার এবং দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, রবিবার (২১ জুন) রাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২২ জুন) দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আকবর শাহ থানার নিউ শহীদ লেন এলাকার মুরাদ এবং ফরিদপুরের বোয়ালমারী থানার সর্বাতুলি এলাকার রাসেল। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ১২ জুন সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিটে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রবেশ করে। এ সময় তারা কারখানার নিরাপত্তাকর্মী মালেক, মোবাশ্বির ও হৃদয়কে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে কারখানায় থাকা প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ এবং নগদ অর্থসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে এবং অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওসি আরও জানান, ডাকাতির ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
