ফয়সাল আলম সাগর, কক্সবাজার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চকরিয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘চবির চকোরী’র দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি বখতিয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক তামজিদ আমিন তুলহান নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চকরিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়া (চবির চকোরী)-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোহাম্মদ বখতিয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ তামজিদ আমিন তুলহান নির্বাচিত হয়েছেন।গত ৩ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আটটি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংগঠনের ৪০০ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন মোহাম্মদ বখতিয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ তামজিদ আমিন তুলহান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সাখাওয়াত হোছাইন মাহী, অর্থ সম্পাদক পদে মোস্তফা গালিব শিহাব, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল আবিদ, ক্রীড়া সম্পাদক পদে ফজলুল নওশাদ তোহা, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে সৃষ্টি দাশ এবং প্রচার সম্পাদক পদে তানজিরুল কবির নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন সংগঠনটির প্রধান শিক্ষক উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, প্রধান শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক ফারহানা আজিজ, প্রধান শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. নুরুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সেলিমুল হক।
নির্বাচন পর্যবেক্ষণ শেষে প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “চবির চকোরীর আগত নতুন নেতৃত্ব শিক্ষাবান্ধব ও মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুকে চকরিয়ার এত শিক্ষার্থীকে একসঙ্গে দেখে আমি আনন্দিত। এত সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন উপহার দেওয়ার জন্য চকরিয়ার শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ জানাই।”
সহযোগী অধ্যাপক ফারহানা আজিজ বলেন, “চবির চকোরীতে ছাত্রীদের অংশগ্রহণ আমাকে আনন্দিত করেছে। পাশাপাশি সবাই যেভাবে সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচনে ভোট দিচ্ছে, তা সত্যিই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।”সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন সংগঠনটির বিদায়ী সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আসিফ রায়হান, বিদায়ী সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনার আব্দুল কাদের এবং নির্বাচন কমিশনার রশিদুল হক দিনার, মঈদ উদ্দিন চিশতি, শহিদুল কাইছার ও ইয়াছিন আরাফাত। এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ছাত্র উপদেষ্টা আব্দুল মোমেন, ইমরান সাদিক সাঈদী ও সুজন।
প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনটির বিদায়ী সভাপতি আসিফ রায়হান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবির চকোরী ইতোমধ্যে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে নবনির্বাচিত কমিটিকে বিগত কমিটির কার্যক্রম ছাড়িয়ে যেতে হবে। একই সঙ্গে সংগঠনের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। নবনির্বাচিত কমিটির সকলের প্রতি অভিনন্দন ও আগামীর জন্য শুভকামনা জানাই।”
নবনির্বাচিত নেতৃত্বের পক্ষ থেকে সংগঠনকে আরও গতিশীল, শিক্ষার্থীবান্ধব ও কার্যকর করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার মধ্যে রয়েছে চকরিয়া উপজেলা থেকে আগত নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা, ‘রোড টু হায়ার স্টাডিজ’ শীর্ষক কর্মসূচি, ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার এবং বার্ষিক শিক্ষা সফরসহ বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম।
নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে চবির চকোরী শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
শিক্ষার্থীদের সংগঠন ‘চবির চকোরী’র নেতৃত্বে বখতিয়ার–তুলহান

