মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকায় মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) সকাল ১১টায় বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই চারা রোপণ উৎসবের উদ্বোধন করা হয়। বসুরহাট পৌরসভার প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মো: মাসুদুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় সারা দেশে যে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা সফল করতে বসুরহাট পৌরসভা বদ্ধপরিকর। আমরা শুধু গাছ লাগাবো না, বরং এই গাছগুলো যাতে সঠিকভাবে বড় হতে পারে তার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণও করা হবে। এ সময় তিনি পৌর এলাকার সর্বস্তরের জনগণকে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে ফলজ, বনজ বা ওষুধি গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভা সূত্রে জানা গেছে, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষুধি চারা রোপণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ পৌরসভা চত্বরে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন এবং পরবর্তীতে পৌরসভার বিভিন্ন এলাকায় চারা রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। সবুজ বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রায় বসুরহাট পৌরসভা সবসময় অগ্রগামী থাকবে এবং পরিবেশ রক্ষায় ও পৌর এলাকাকে দৃষ্টিনন্দন করতে এই পরিচ্ছন্ন ও সবুজায়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে পৌর কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
