মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা
নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি আলহাজ্ব কামারুজ্জামান। সঞ্চালনায় ছিলেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আল একরাম বাবু এবং গীতা পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য রনজিৎ কুমার রায়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, এস আই হাসান মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল (কমেট) চৌধুরী, জলঢাকা সরকারি ডিগ্রি বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমান সেলিম, জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি মাহাবুবার রহমান মনি, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রোকনুজ্জামান চৌধুরী, সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, সেক্রেটারি রিয়াদ ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন-আর রশিদ, বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকা সভাপতি গোলাম রব্বানী ডলার, সাধারণ সম্পাদক সুজন ইসলাম, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম শফি, মাহামুদুল হাসান, তুহিন ইসলাম নয়ন, মোনাব্বেরুল হক মোনা, আদুরী আক্তারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আলহাজ্ব কামারুজ্জামান বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এই গঠন প্রক্রিয়াধীন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ ও কার্যকর কমিটি ঘোষণা করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন,সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং কেউ যেন ব্যক্তিস্বার্থে এই প্ল্যাটফর্ম ব্যবহার না করে সেদিকে সতর্ক থাকতে হবে। সাংবাদিকতা একটি অত্যন্ত দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা, যেখানে সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের বিকল্প নেই। তিনি বলেন, সাংবাদিকদের কলমের শক্তি সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার, এই শক্তিকে অবশ্যই জনকল্যাণে কাজে লাগাতে হবে। পাশাপাশি চারটি সংগঠন একসাথে হয়ে এই উদ্যোগ গ্রহণ করায় তিনি সংশ্লিষ্টদের সাধুবাদ জানান। এবং কোনো সাংবাদিক অন্যায় ভাবে হয়রানির শিকার হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলেও তিনি আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশক নন, তারা সমাজের বিবেক ও সময়ের সাহসী কণ্ঠস্বর। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থান নেওয়াই একজন প্রকৃত সাংবাদিকের মূল দায়িত্ব। তিনি বলেন, একটি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে। তিনি জলঢাকায় সাম্প্রতিক মোটরসাইকেল চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসন ও সাংবাদিকদের আরও সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। সভা শেষে মাননীয় এমপি মহাদায়ে জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে আহ্বায়ক করা হয় আলহাজ্ব কামারুজ্জামানকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাশেদুজ্জামান সুমন, গোলাম রব্বানী ডলার, রবিউল ইসলাম রাজ ও মাহাদী হাসান মানিক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুবার রহমান মনি এবং যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আবুল কালাম আজাদ সুমনকে। সভা পরবর্তী সময়ে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও সম্মাননা জানান। এ সময় উপস্থিত সবার মধ্যে এক আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, এই মতবিনিময় সভার মাধ্যমে জলঢাকায় সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
