হাবিবুর রহমান, গাইবান্ধা
গাইবান্ধায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে গাইবান্ধার পুলিশ সুপারের পক্ষে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডি.এম. হাসিবুল বেনজীর। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর। সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান।
প্রশিক্ষণে সাংবাদিকদের পেশাগত অধিকার ও দায়িত্ববোধ, গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান এবং সাংবাদিকতায় পেশাদারিত্ব নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।কর্মশালায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও জেলা প্রশাসক জানান, প্রথম ধাপে ৪০ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে জেলার অবশিষ্ট সাংবাদিকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০ জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেওয়া হয়।
