রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মনিরুজ্জামান মনির সভাপতি এবং তাসলিমা আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় ৯ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি ফয়সাল আহমেদ, সহসভাপতি পারভেজ মোশারফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ আজিজুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার বিন পরাগ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য অজয় সাহা এবং কার্যনির্বাহী সদস্য মো. তৌফিকুল হক।
কমিটি গঠন শেষে সংক্ষিপ্ত আলোচনায় নবনির্বাচিত নেতারা রায়পুরা উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের সমস্যা তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন কমিটি গঠনের পর স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাংবাদিকদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে।
