অনলাইন ডেস্ক
আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ তাগিদ দেন।
সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে রাষ্ট্রের আইনগত স্বার্থ ও অধিকার সুরক্ষায় নেওয়া বিভিন্ন আইনগত পদক্ষেপ ও উদ্যোগ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
আলোচনায় রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার বিষয় উঠে আসে। এসব ক্ষেত্রে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে দেশের সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্রের অব্যাহত অগ্রগতি নিশ্চিত করতে যথাযথ নিষ্ঠা, সতর্কতা ও দৃঢ় দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।
