ফুলগাজী, ফেনী প্রতিনিধি
দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ফেনীর ফুলগাজীর আমজাদহাটে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্ত মাছ ব্যবসায়ীদের মোট ১ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আমজাদহাট ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা। অভিযানে বিক্রি নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী অভিযুক্তদের জরিমানা করা হয়। এ সময় ফুলগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
পরে জব্দ করা মাছগুলো স্থানীয় মারকাজুল উলূম ইসলামিয়া মাদ্রাসা (উত্তর বরইয়া) এবং জগতপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
