মোয়াজ্জেম হোসেন নওগাঁঃ
দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সহায়তা প্রদানের লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা’। সোমবার (২২ জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফেষ্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘রিকভারি এন্ড এ্যডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট-(রেইজ) প্রকল্পের আওতায় মৌসুমী ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়ন সংস্থার মৌসুমীর নির্বাহী পরিচালক এরফান আলীর সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামসুজ্জামান, পিকেএসএফ ‘রেইজ’ প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. ফয়জুল তারিক চৌধুরী, মৌসুমীর উপদেষ্টা মো. হোসেন শহীদ ইকবাল ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে হলে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে। পিকেএসএফ-এর সহায়তায় বাস্তবায়নাধীন ‘রেইজ’ প্রকল্প বেকার ও সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে সফল হতে কারিগরি দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব, সমস্যা সমাধান এবং কর্মক্ষেত্রভিত্তিক জীবনদক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের চাকরি মেলা প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করে, যা কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতির উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখে। উল্লেখ্য, মেলায় আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, ফ্যাশন গার্মেন্টস ও টেইলারিং, বিউটি কেয়ার, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, মোটরসাইকেল সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মোবাইল ফোন সার্ভিসিং, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস, ষ্মল ইঞ্জিনিয়ারিং এন্ড মেটাল ওয়ার্কস, বেকিং এন্ড পেসট্রি প্রিপারেশন, কন্জুমার ইলেকট্রনিকস এবং ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন ট্রেডে অংশগ্রহণকারী শিক্ষানবিশদের মধ্য থেকে শতাধিক জনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান করা হয়।
