সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনীতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ভারতীয় গাঁজা, বিভিন্ন ধরনের শাড়ি, কামিজ, ফেসওয়াশ, বিস্কুট ও চকোলেটসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৯১ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দ করা চোরাচালান পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দ করা মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হবে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
