রবিউল করিম, ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার বেলীশ্বরের ঐতিহ্যবাহী মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা (অব.) হাজী আব্দুস সালাম, মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহসভাপতি নাছির উদ্দীন, সাবেক অভিভাবক সদস্য জয়নাল আবেদীন এবং বিএনপি নেতা শাকিল আহমেদ রাসেল।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা বজায় রাখা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
