নড়াইল প্রতিনিধি
নড়াইল শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি মিষ্টির দোকানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রূপগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে রূপগঞ্জ বাজারের মেসার্স নড়াইল মিষ্টান্ন ভাণ্ডার ও মেসার্স নিউ দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রি, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং সঠিক ওজন ও মান নিশ্চিত করে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
