ePaper

নড়াইল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

নড়াইল প্রতিনিধি

নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাচ্চু খান (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসসহ চালক নূর ইসলামকে (৬০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় নড়াইল থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাস বাচ্চু খানকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাচ্চু খান লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, বাসের ধাক্কায় বাচ্চু খান নিহতের ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।