নরসিংদীর ইউএমসি জুটমিলের সচল যন্ত্রাংশ কেজি দরে বিক্রির অভিযোগ

মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী : দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাটকল নরসিংদীর ইউএমসি জুটমিল বন্ধের ছয় বছরের বেশি সময় পার হলেও মিলের মূল্যবান যন্ত্রাংশ বিক্রি নিয়ে উঠেছে নানা অভিযোগ। শ্রমিকদের দাবি, সচল যন্ত্রপাতিকে অচল দেখিয়ে বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমার, মোটর ও তামার তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ কেজি দরে বিক্রি করা হচ্ছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন তাঁরা। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত ইউএমসি জুটমিলে একসময় প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করতেন। প্রতিদিন উৎপাদন হতো প্রায় ৮৫ টন পাটজাত পণ্য। দীর্ঘ কর্মজীবনের ইতি ঘটে ২০২০ সালের ২ জুন মিলটি বন্ধ ঘোষণার মধ্য দিয়ে। সাবেক শ্রমিক আনোয়ার হোসেন জানান, প্রায় চার দশক এই মিলে কাজ করেছেন তিনি। বন্ধের এক ঘণ্টা আগেও জানতেন না, সেটিই হবে তাঁর শেষ কর্মদিবস। শ্রমিকদের অভিযোগ, মিল বন্ধের সময় প্রায় দুই হাজার যন্ত্র সচল ছিল। অথচ পরবর্তী সময়ে সেগুলো অচল দেখিয়ে মূল্যবান যন্ত্রাংশ বিক্রি করা হচ্ছে। পাশাপাশি মিল বন্ধের পরও অনেক শ্রমিক তাঁদের পাওনা বুঝে পাননি। এদিকে, ৫২ একর জমির এই মিলের প্রায় ৩০ একর জমি পুনরায় পাটকল চালুর শর্তে বেসরকারি প্রতিষ্ঠান সুনিয়া গ্রুপকে ইজারা দেওয়া হয়েছে। তবে মিলটি এখনো উৎপাদনে ফেরেনি। শ্রমিকরা চাকারী হারালেও বহাল তরিয়তে কর্মকর্তা কর্মচারীরা। আর বন্ধ মিলে অলস সময় পারকরে সরকারের বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে কর্মকর্তারা অভিযোগ সাবেক শ্রমিকদের। বৃহস্পতিবার দুপুরে এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে ইউএমসি জুটমিলে গেলে সংবাদ সংগ্রহে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। আর ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মিলটির জেনালের ম্যানেজার মো.ফারুক মিয়া। ছয় বছর পূর্বে ও প্রায় ২০ হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখর থাকা কারখানাটি এখন নীরব। মিলটি পুনরায় চালু হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার অর্থনীতিতে গতি ফিরবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। তবে যন্ত্রাংশ বিক্রির অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও মিলের ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চান সাবেক শ্রমিকেরা।