গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৪ নং ভবেরচর ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সেবা নিতে আসা সাধারণ মানুষ। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ও বিভিন্ন বরাদ্দের চাল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন সুবিধা নিতে প্রতিদিনই পরিষদে আসেন অসংখ্য উপকারভোগী। কিন্তু ভবনের বেহাল অবস্থার কারণে তাঁদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ায় পরিষদের কাগজপত্র, গুরুত্বপূর্ণ ফাইল ও সংরক্ষিত সামগ্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় বরাদ্দ করা চাল সংরক্ষণেও সমস্যা দেখা দিচ্ছে
এ অবস্থায় ভবেরচর ইউনিয়ন পরিষদের জন্য একটি আধুনিক ও স্থায়ী ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রস্তাব, ভবেরচর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সরকারি জায়গা বরাদ্দ দিয়ে সেখানে ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হলে সাধারণ মানুষের সেবা গ্রহণ আরও সহজ হবে।
ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী বলেন , বর্তমান ভবনের জরাজীর্ণ অবস্থা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নতুন স্থানে পরিষদ ভবন স্থানান্তর করা হলে ইউনিয়নবাসী নিরাপদ ও সুন্দর পরিবেশে নাগরিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।
তাই জনদুর্ভোগ লাঘব, সরকারি সম্পদ ও গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষা এবং ইউনিয়নবাসীর স্বার্থে ভবেরচর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ ও জায়গা বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।
গজারিয়া ভবেরচর ইউপি পরিষদ ভবন জরাজীর্ণ, দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি

