প্রসব বেদনায় ভরসা হলেন ইউএনও সাবরিনা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সন্তান জন্ম দেয়ার মতো কঠিন সময়ে পাশে ছিলেন না স্বামী, ছিলেন না মা-বাবা কিংবা কোনো স্বজন। প্রসব বেদনায় কাতর হয়ে সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রুমা খাতুন। স্বামী যোগাযোগ বন্ধ করে রেখেছেন, পরিবারের সঙ্গেও নেই সম্পর্ক। আগের দুই সন্তানকে নিয়ে এমনিতেই চলছিল তার একার সংগ্রাম। এর মধ্যেই তৃতীয় সন্তানের জন্ম দেওয়ার সময় ঘনিয়ে আসে। এমন অসহায় মুহূর্তে খবর পেয়ে রাতেই রুমার বাড়িতে ছুটে যান শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। ব্যবস্থা করেন অ্যাম্বুলেন্স ও চিকিৎসার। শুধু সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করেই ক্ষান্ত হননি, মা ও নবজাতকের দায়িত্বও নেন তিনি। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর নিজেই তাদের বাড়িতে পৌঁছে দেন।
রুমা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালী গ্রামের বাসিন্দা। তার স্বামী মামুন মন্ডল। রুমার ভাষ্য অনুযায়ী, স্বামী তার ও সন্তানদের কোনো খোঁজখবর রাখেন না। এমনকি মুঠোফোন নম্বরও ব্লক করে রেখেছেন। অন্যদিকে, পরিবারের অমতে বিয়ে করায় মা-বাবার বাড়ির সঙ্গেও সম্পর্ক নেই তার। বাবার বাড়িতে অসুস্থ বাবা থাকলেও সেখান থেকে সহযোগিতা পাওয়ার সুযোগ নেই। দুই সন্তানকে নিয়ে এমন অসহায় অবস্থার মধ্যেই তার পেটে আরেক সন্তান। গত বুধবার প্রসবের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শারীরিক যন্ত্রণা নিয়ে সাহায্যের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের কাছে যান রুমা খাতুন। সেখানে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে তিনি বলেন, তার দুটি ছোট সন্তান রয়েছে, তাদের দেখাশোনা করার মতো কেউ নেই। এ অবস্থায় সন্তান প্রসবের পর শিশুদের কী হবে, সেই চিন্তায়ও দিশেহারা ছিলেন তিনি। বিষয়টি শুনে ইউএনও গর্ভের সন্তানের প্রসব ও চিকিৎসার জন্য একটি লিখিত আবেদন করতে বলেন। রুমার আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।
পরদিন বৃহস্পতিবার রুমা খাতুন আবারও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনকে ফোন করেন। তার শারীরিক অবস্থার অবনতির কথা জানতে পেরে রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর বাসায় ছুটে যান ইউএনও। সেখানে গিয়ে রুমার অবস্থা দেখে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। প্রথমে তাকে পোতাজিয়া হাসপাতালে নেওয়া হলেও সেখানে সিজারের ব্যবস্থা না থাকায় পরে শাহজাদপুরের ফাতেমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টা ৪৫ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। আনুমানিক রাত ১২টা ১৫ মিনিটেই সফল অস্ত্রোপচারের মাধ্যমে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন মা। সেই সন্তানের নাম রাখা হয় জান্নাত। তবে অস্ত্রোপচারের আগে রুমার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। আগের সিজারের সেলাইও খুলে গিয়েছিল। সন্তান জন্মের পরও রুমা ও তার সন্তানদের দেখভালের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন ইউএনও। হাসপাতালে মায়ের সঙ্গে থাকা আগের দুই শিশুর দেখাশোনায় এগিয়ে আসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও হাসপাতালের নার্সরা।
এদিকে, মা ও শিশুদের জন্য প্রতিদিন নিজের বাসা থেকে খাবার পাঠানোর ব্যবস্থা করেন ইউএনও। নবজাতক জান্নাতকে কোলে তুলে আদরও করেন তিনি। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফাতেমা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক নাদিমও এই পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সরকারি ব্যবস্থাপনায় সহায়তা করা হয়। হাসপাতালে চিকিৎসার বিল হয়েছিল ১৮ হাজার টাকা। হাসপাতাল কর্তৃপক্ষ ১০ হাজার টাকা গ্রহণ করে। অবশেষে শনিবার (১৪ নভেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় রুমা ও তার নবজাতককে। শুধু হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েই দায়িত্ব শেষ করেননি ইউএনও সাবরিনা শারমিন। নিজেই তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং মা ও নবজাতককে বাসায় রেখে আসেন। পাশাপাশি সকল খরচ উপজেলা প্রশাসন থেকে বহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, ওই নারীর অসহায়ত্বের কথা শুনে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। সন্তান প্রসবের মতো কঠিন সময়ে একজন নারীর পাশে স্বজনদের কেউ না থাকা সত্যিই কষ্টের। ‘মা হওয়া অনেক কষ্টের’, ওই নারীর পাশে কেউ ছিল না। তার দুটি ছোট সন্তানও রয়েছে। এমন পরিস্থিতিতে তাকে সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। তিনি আরও বলেন, ওই নারীর স্বামীর পরিচয় শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রথমে মা ও নবজাতকের চিকিৎসা এবং সন্তানদের দেখাশোনা নিশ্চিত করাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছেসন্তান জন্ম দেওয়ার মতো কঠিন সময়ে পাশে ছিলেন না স্বামী, ছিলেন না মা-বাবা কিংবা কোনো স্বজন। প্রসব বেদনায় কাতর হয়ে সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রুমা খাতুন। স্বামী যোগাযোগ বন্ধ করে রেখেছেন, পরিবারের সঙ্গেও নেই সম্পর্ক। আগের দুই সন্তানকে নিয়ে এমনিতেই চলছিল তার একার সংগ্রাম।