ফরিদপুর ব্যুরো: অধিক্ষেত্র সুরক্ষা, অবসরের বয়স বৃদ্ধি, যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ফরিদপুরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ্ রেজিস্ট্রাররা (কাজী)। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সোমবার সারাদিন জেলার সব নিকাহ্ রেজিস্ট্রার বিয়ে ও তালাক নিবন্ধনসহ তাঁদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার সব নিকাহ্ রেজিস্ট্রার অংশ নেন। ফরিদপুর জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আ. ন. ম. ইসহাকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জাকির হোসেন, জেলা কাজী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান এবং আইন সম্পাদক অ্যাডভোকেট মাওলানা জয়নাল আবেদীনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারাসমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন নিকাহ্ রেজিস্ট্রারের অধীনে একটি ইউনিয়নে মাসে গড়ে মাত্র পাঁচ থেকে ছয়টি বিয়ে নিবন্ধিত হয়। এই সীমিত আয় দিয়েই তাঁদের সংসার চালাতে হয়। এর মধ্যে একই ইউনিয়নে একাধিক নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে তাঁদের আয় আরও কমে যাবে এবং জীবন-জীবিকা চরম সংকটের মুখে পড়বে। এতে তাঁদের পেশাগত অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে।
বক্তারা আরও বলেন, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরকালীন ভাতা বা পেনশনের ব্যবস্থা নেই। তাই অবসরের বয়সসীমা বাড়িয়ে ৭৫ বছর করা এবং যোগ্যতা ও বিধি অনুসারে পিতার স্থলে পুত্রকে নিয়োগের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। তাঁদের দাবি, বর্তমান বাস্তবতায় বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন করে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং মেয়েদের ১৬ বছর নির্ধারণ করতে হবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ্ রেজিস্ট্রারদের হয়রানি বন্ধ করতে হবে। কর্মসূচি থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর ১৩ ধারা অনুযায়ী ইউনিয়নে একজন এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একজন নিকাহ্ রেজিস্ট্রারের অধিক্ষেত্র বহাল রাখা; অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা; যোগ্যতা ও বিধি অনুসারে পিতার স্থলে পুত্রকে নিয়োগ দেওয়া; বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন করে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ্ রেজিস্ট্রারদের হয়রানিমূলক কার্যক্রম বন্ধ করা। বক্তারা জানান, তাঁদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ফরিদপুরে কাজীদের কলম বিরতি, বিয়ে-তালাক নিবন্ধন বন্ধ ঘোষণা
