ইয়াকুব নবী ইমন, নোয়াখালী : ২০ লাখ টাকা মুক্তিপনের দাবিতে লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি নোয়াখালীর আবদুর রহিমকে উদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।
অপহৃত রহিম বেগমগঞ্জ হাজীপুর ইউনিয়নের আবদুল হক সেলিমের ছেলে। ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ঠদের কাছে আকুতি জানিয়েছে রহিমের অসহায় পরিবারের সদস্যরা। সোমবার দুপাুরে চৌমুহনীতে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আকুতি জানায় তারা।
আবদুর রহিমের পরিবারের সদস্যরা জানান, অভাবের সংসারে স্বচ্ছতা আনতে এক দালালের মাধ্যমে চার বছর আগে লিবিয়ায় যায় রহিম। গত ৪ নভেম্বর রাতে একদল দুর্বৃত্ত বাসার দরজা ভেঙে তাকে জিম্মি করে নিয়ে যায়। এরপর তারা রহিমকে মাফিয়াদের হাতে তুলে দেয়। পরে মাফিয়ারা রহিমের পবিারের কাছে মোবাইলে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় রহিমকে শারীরিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ অবস্থায় প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ঠদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে রহিমের পরিবারের সদস্যরা।
আবদুর রহিমের পিতা আবদুল হক সেলিম জানান, টাকার দাবিতে প্রতিদিন রহিমকে মারধর করে আমাদের কাছে ভিডিও বার্তা পাঠায়। কিন্তু আমাদের এতো টাকা দেওয়ার সমর্থ নেই। পরিবারের হাল ধরতে গিয়ে আজ আমার ছেলের জীবণ বিপন্ন। আমার ছেলেকে উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে আমরা সরকার প্রধানের সহযোগিতা কামনা করছি।
লিবিয়ায় বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপন দাবি,উদ্ধারে পরিবারের আকুতি

