ভালো ফুলকপি চেনার উপায়


নবচেতনা লাইফস্টাইল ডেস্ক : শীতকালে ফুলকপি খাওয়ার মজাই আলাদা। সুস্বাদু এই সবজিটি রান্না, ভাজা, সিদ্ধ- সবভাবেই খাওয়া যায়। কিন্তু অনেক সময় বেশি দিন তাজা দেখাতে ব্যবসায়ীরা ফুলকপিতে ক্ষতিকর রাসায়নিক মেশায়। সেগুলো দেখতে একটু বেশিই সাদা লাগে। ফুলকপি কেনার সময়ে তাই দাম দেখার পাশাপাশি আরও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। যেম

১. ফুলকপি হাতে নেয়ার পর যদি কপির ফুলগুলো পেছন থেকে আঙুল দিয়ে টেপার পর যদি সহজেই ভেঙে যায় তাহলে বুঝতে হবে এগুলো ভালো নয়। আর যদি ফুলগুলো শক্ত থাকে তাহলে বুঝতে হবে সেটা ভালো ফুলকপি।
২. ফুলকপির ওপরের অংশ যদি হলদেটে হয় তাহলে সেটি না কেনাই ভালো। হলুদ হওয়া মানে হচ্ছে, এটি ক্ষেতে থেকে তোলার পর চার-পাঁচদিন পেরিয়ে গেছে।
৩. হাতে নিয়ে ওজন বুঝে নিন। ফুলকপির আকার অনুযায়ী ওজন কিছুটা ভারী হলে বুঝতে হবে তা খাঁটি। হালকা কপির ভিতরটা ফাঁপা বা স্পঞ্জের মতো হয়ে থাকে।
৪. ফুলকপির পাতাগুলি উজ্জ্বল সবুজ এবং সতেজ হলে ভালো। পাতা হলুদ, নেতিয়ে পড়া কিংবা পাতায় ছিদ্র থাকলে, বুঝতে হবে সেই কপি টাটকা নয়।
৫. ফুলকপি যত ঘন হবে তত সেখানে জলীয় বাষ্প জমতে পারে না, যার ফলে ছাত্রাক হয় না। এই ধরনের ফুলকপি সাধারণত ভালো হয়।

ভেজাল চেনার উপায়
ফুলকপিকে দীর্ঘদিন তাজা রাখতে এবং চকচকে সাদা দেখাতে ফর্মালিন বা ব্লিচিং স্প্রে মেশানো হয়। তাই খুব চকচকে সাদা কপি দেখলে সেটি না কেনাই ভালো। কপির গায়ে হলদেটে দাগ ঢাকতে অনেক সময় সোডিয়াম হাইপোক্লোরাইট মেশানো হয়। রান্নার আগে পানিতে ভেজানোর পর যদি কপির রং অস্বাভাবিক ভাবে ঝকঝক করে বা পানির রং বদলে যায়, তবে বুঝতে হবে তাতে রাসায়নিক মেশানো রয়েছে। কপি কেনার সময় গন্ধ শুঁকে দেখুন। যদি ব্লিচিং পাউডার, রাসায়নিক বা ওষুধের তীব্র গন্ধ পান, তবে তা না কেনাই ভালো।

রান্নার আগে যা করবেন:

ফুলকপি কাটার পর গরম পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। পানি ঝরে গেলে কিছুক্ষণ ভেজে পছন্দের পদ তৈরি করতে পারেন।

সূত্র: আনন্দবাজার, আজতক, এশিয়াননেটনিউজ
নবচেতনা/এআর