নবচেতনা লাইফস্টাইল ডেস্ক : পাকা পেঁপে পুষ্টিগুণে ভরপুর। এটি ইমিউনিটি বাড়ায়, ওজন কমায়। চোখের জন্যও এ ফল উপকারী। পাকা পেঁপেতে থাকে বিটা ক্যারোটিন যা ত্বক ভালো রাখে। কিন্তু বাজারে সবসময় যে ভালো ও মিষ্টি পেঁপে পাওয়া যায় তা নয়। অনেক পাকা পেঁপে খেতে পানসে হয়। তাই কেনার আগে কোন ধরনের পেঁপে খেতে মিষ্টি হয়, তা জেনে নিন।
গায়ের রং
কেনার সময় পেঁপের গায়ে হলুদ কিংবা লালচে ভাব আছে কি না তা দেখার পরামর্শ দেওয়া হয়েছে নিউজ১৮-এর এক প্রতিবেদনে। পেঁপের গায়ে হালকা খাঁজকাটা দাগ থাকে। পরপর দুটি খাঁজকাটা দাগের মাঝের উঁচু অংশটাই শির। এই অংশ থেকে পাকা ভাব শুরু হয়। যে পেঁপের গায়ে এমন গাঢ় হলুদ বা খানিকটা হলদে–কমলা রং ছড়িয়ে রয়েছে, সেটি কিনুন। যদি পেঁপের গায়ে হালকা সবুজাভ ভাব থাকে, বুঝতে হবে এটি দু–এক দিনের মধ্যে পেকে যাবে। এমন পেঁপেও নিতে পারেন। তবে পেঁপের গায়ে সমানভাবে রং ছড়িয়ে থাকলে ভুলেও কিনবেন না।
স্পর্শ করুন
পেঁপে কেনার সময় বুড়ো আঙুল দিয়ে আলতো চাপ দিয়ে দেখুন। যদি পেঁপে বেশি শক্ত লাগে, তবে সেটি কাঁচা বা গাছে পুরোপুরি না পাকতেই তোলা হয়েছে। আবার যদি অতিরিক্ত নরম লাগে বা আঙুল ভেতরে দেবে যায়, তবে সেটি বেশি পেকে যাওয়া পেঁপে। এই পেঁপে কেনা মানেই লস, একদিনেই পচে যাবে। সবসময় হালকা নরম পাকা পেঁপে কিনুন, যা আঙুলের চাপে সামান্য বসে আবার আগের জায়গায় ফিরে আসবে।
বোঁটার অংশটি খেয়াল করুন
বোঁটার চারপাশ যদি কিছুটা খাঁজকাটা ও লালচে–হলুদ রঙের হয়, তবে সেই পেঁপে মিষ্টি। বোঁটার অংশে বেশি সাদা কষ জমে থাকলে তা না কেনাই ভালো। গাছপাকা পেঁপের গায়ে খুব বেশি সাদা কষ দেখা যায় না। যদি পেঁপের শরীরজুড়ে অতিরিক্ত সাদা আঠা জমে থাকে, তবে বুঝবেন সেটি নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে পেড়ে কৃত্রিমভাবে পাকানো হয়েছে।
গন্ধ
পাকা পেঁপের একটি মিষ্টি ও হালকা গন্ধ থাকে। পেঁপের বোঁটার কাছে শুঁকে দেখুন। যদি হালকা মিষ্টি ঘ্রাণ পান, তবে বুঝবেন পেঁপে পাকা। যদি কোনও গন্ধ না থাকে বা অতিরিক্ত ঝাঁজালো বা পচা গন্ধ নাকে আসে, তবে সেই পেঁপে কিনবেন না।
কেমন আকারের পেঁপে কিনবেন?
মোটা পেঁপের ভেতরটা ফাঁপা থাকে, বীজের পরিমাণ বেশি থাকায় ওজনও হয় বেশি। তাই তুলনামূলক লম্বা ও মাঝারি আকারের পেঁপে বেছে নিন। পেঁপের গায়ে খুব বেশি কালচে দাগ বা ছোট ছোট ছিদ্র থাকলে কিনবেন না। এ ধরনের পেঁপে পচা হয়। ভেতরে পোকাও থেকে থাকে। লম্বা আকারের পেঁপে বেছে নিন।
নবচেতনা/এআর
