মাদারীপুরের শিবচরে ‘দেশ’ সংগঠনের পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক-পলিথিন বর্জনে সচেতনতা

আরিফুর রহমান, মাদারীপুর : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কমাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি (দেশ)।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বাজিতপুর (শেখপুর) বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। পরে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাজিতপুর হাজেরা খাতুন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, শেখপুর বাজারের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় সড়ক ও বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ অপচনশীল বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়।
অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্লাস্টিক-পলিথিনের ক্ষতিকর প্রভাব, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
কর্মসূচিতে দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, শহিদুল ইসলাম, মো. সজীব, শাহিন মোল্লা, কোষাধ্যক্ষ মো. শামীম, শফিকুল ইসলাম, শেখপুর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম আজাদ, বাজিতপুর হাজেরা খাতুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, সহকারী শিক্ষক আতাউল গণি ও শাহীন মুন্সীসহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসন বা কোনো সংগঠনের একার দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং প্লাস্টিক-পলিথিনের দূষণ কমাতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। অক্টোবর মাসজুড়েও আমরা বিভিন্ন সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করেছি। চলতি মাসে বৃক্ষরোপণসহ আরও কয়েকটি জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরিবেশ সুরক্ষা ও মানুষের কল্যাণে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় প্রতি শনিবার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে শেখপুর বাজারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে দেশ সংগঠন এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানাই। অন্য সংগঠনগুলোও এ ধরনের উদ্যোগ নিলে উপজেলা প্রশাসন পাশে থাকবে। এ অভিযান অব্যাহত থাকবে।