এআইয়ের পরামর্শে ছেলের টিভি আসক্তির অভিনব সমাধান পেলেন বাবা


নবচেতনা বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সন্তানের টেলিভিশন দেখার অভ্যাস নিয়ন্ত্রণে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিলেন চীনের শেনজেন শহরের এক বাবা। টিভিতে অনুষ্ঠান দেখতে হলে প্রতি ১০ মিনিট পরপর স্কুলের প্রশ্নের উত্তর দিতে হবে ছেলেকে। সঠিক উত্তর দিতে পারলেই আবার চালু হবে পছন্দের অনুষ্ঠান। সম্প্রতি এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট

ওই বাবা পেশায় একজন ট্যাক্সিচালক। তার ছেলে জুনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী। বাবার অভিযোগ, পড়াশোনায় মনোযোগ দেয়ার বদলে ছেলে টেলিভিশন দেখতেই বেশি সময় ব্যয় করে। এ অভ্যাস পরিবর্তনে আগে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও সফল হননি তিনি। পরে টেলিভিশন দেখার সঙ্গে পড়াশোনাকে যুক্ত করার অভিনব পরিকল্পনা করেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুরুতে তিনি টেলিভিশনের নিজস্ব প্রশ্নোত্তর সুবিধা ব্যবহার করেছিলেন। কিন্তু ছেলে সেটি এড়িয়ে যাওয়ার উপায় বের করে ফেলে। এরপর নির্দিষ্ট সময়ে টেলিভিশন বন্ধ করার জন্য স্মার্ট প্লাগ ব্যবহার করেন। তবে ছেলে সেটিও খুলে রেখে টেলিভিশন দেখতে থাকে।

গত অক্টোবরে সমস্যার সমাধানে একটি এআই অ্যাপের সহায়তা নেন ওই বাবা। অ্যাপটির পরামর্শে তিনি ‘কোয়েশ্চেন-আনসারিং কি’ নামে একটি প্রোগ্রাম তৈরির উদ্যোগ নেন। এআইয়ের সাহায্যে তৈরি প্রোগ্রামটি পরে প্রয়োজন অনুযায়ী সংশোধন করে টেলিভিশনে ইনস্টল করেন তিনি।

নতুন ব্যবস্থায় ছেলে টেলিভিশনে কোনো অনুষ্ঠান দেখার সময় প্রতি ১০ মিনিট পরপর পর্দায় একটি প্রশ্ন ভেসে ওঠে। প্রশ্নগুলো চীনা ভাষা, গণিত ও ইংরেজি বিষয়ের ওপর তৈরি করা হয়েছে। ছেলের স্কুলের পড়াশোনার অগ্রগতির সঙ্গে মিল রেখে প্রশ্নের মান নির্ধারণ করা হয়।

প্রশ্নের ভুল উত্তর দিলে তাকে অতিরিক্ত আরেকটি প্রশ্নের সমাধান করতে হয়। সঠিক উত্তর না দেয়া পর্যন্ত অনুষ্ঠান দেখা চালিয়ে যাওয়ার সুযোগ নেই।

বাবা জানান, ছেলেকে প্রশ্নের উত্তর দিতে দেখে তিনি নিজেই অবাক হয়েছেন। কারণ, ছেলে বিষয়টি বিরক্তিকর মনে না করে বরং আগ্রহ নিয়ে অংশ নিচ্ছে। ভবিষ্যতে প্রশ্নের কঠিনতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

তবে ছেলেকে পুরোপুরি টেলিভিশন দেখা থেকে বিরত রাখা তার উদ্দেশ্য নয়। বরং পড়াশোনার পাশাপাশি বিনোদনকে একটি মজার ও অংশগ্রহণমূলক খেলায় পরিণত করতে চান তিনি।

ওই বাবা বলেন, ছেলে কীভাবে এই ব্যবস্থাকে ফাঁকি দেয়ার চেষ্টা করে, তা তিনি দেখবেন। আর ছেলে নতুন কোনো কৌশল বের করলে তিনি সেটির সমাধান করবেন। এভাবে বিষয়টি বাবা ও ছেলের দুজনের জন্যই শেখার অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, ছেলে যদি নিজেই এই চ্যালেঞ্জ মোকাবিলার নতুন কোনো উপায় বের করতে পারে, তাহলে সেটিও তার কাছে আনন্দের বিষয় হবে।
নবচেতনা/এআর