শীতে বায়ুদূষণে ঝুঁকিতে শিশুদের ফুসফুস, সতর্ক থাকবেন যেভাবে

নবচেতনা জীবনযাপন ডেস্ক : শীতের সময় তাপমাত্রার পরিবর্তন, বায়ুদূষণ ও বিভিন্ন মৌসুমি সংক্রমণের কারণে শিশুদের শ্বাসতন্ত্রের সমস্যা বাড়তে পারে। বিশেষ করে দূষিত বাতাসে থাকা সূক্ষ্ম কণা শিশুদের ফুসফুসের জন্য ঝুঁকিপূর্ণ।

কারণ, এ সময় তাদের ফুসফুস ও রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি পরিণত হয় না। তাই শীতের শুরু থেকেই শিশুদের শ্বাসতন্ত্রের সুরক্ষায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকা জরুরি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর মাসে তাপমাত্রার ওঠানামা, বাতাসের চলাচল কমে যাওয়া এবং দূষণের মাত্রা বেড়ে যাওয়ার মতো বিষয়গুলো শিশুদের শ্বাসকষ্টের ঝুঁকি বাড়াতে পারে। বায়ুদূষণের পাশাপাশি ঠাণ্ডা বাতাস ও মৌসুমি ভাইরাসও এ সময় শ্বাসতন্ত্রের সমস্যার কারণ হতে পারে।

কেন শিশুরা বেশি ঝুঁকিতে

শিশুদের ফুসফুস ও রোগ প্রতিরোধব্যবস্থা এখনো বিকাশের পর্যায়ে থাকে। এ কারণে বাতাসে থাকা সূক্ষ্ম ধূলিকণা বা দূষিত উপাদান তাদের শ্বাসতন্ত্রে বেশি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পিএম২.৫ ও পিএম১০-এর মতো ক্ষুদ্র দূষণকণা ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। নাইট্রোজেন ডাই-অক্সাইডের মতো দূষকও শ্বাসতন্ত্রে অস্বস্তি তৈরি করতে পারে।

এ ছাড়া শিশুরা সাধারণত বাইরে বেশি সময় কাটায় এবং খেলাধুলা বা দৌড়ানোর সময় দ্রুত শ্বাস নেয়। ফলে দূষিত বাতাসের সংস্পর্শে আসার ঝুঁকিও বাড়ে।

যেসব লক্ষণে সতর্ক হবেন

শিশুর শ্বাসতন্ত্রে সমস্যা দেখা দিলে কিছু লক্ষণ খেয়াল করা জরুরি। যেমন—

দীর্ঘ সময় ধরে কাশি থাকা

শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ হওয়া

স্বাভাবিকের চেয়ে দ্রুত শ্বাস নেয়া

বুকে অস্বস্তি বা ব্যথা অনুভব করা

শ্বাস নিতে কষ্ট হওয়া

অস্বাভাবিক ক্লান্তি বা নিস্তেজ হয়ে পড়া

শিশুর শ্বাস নিতে খুব কষ্ট হলে, শ্বাসের সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে গেলে, ঠোঁট নীলচে হয়ে গেলে কিংবা অস্বাভাবিক ঘুমঘুম ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

শিশুর ফুসফুস সুরক্ষায় করণীয়

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শীত ও দূষণের সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকলে শিশুদের ঝুঁকি কমানো সম্ভব।

প্রথমত, বাইরে যাওয়ার আগে এলাকার বায়ুমান সূচক বা একিউআই (AQI) দেখে নেওয়া ভালো। দূষণের মাত্রা বেশি থাকলে শিশুর বাইরের খেলাধুলা ও শরীরচর্চা সীমিত করে ঘরের ভেতরে খেলার ব্যবস্থা করা যেতে পারে।

দ্বিতীয়ত, দিনের যে সময়ে দূষণের মাত্রা বেশি থাকে, সে সময় ঘরের জানালা বন্ধ রাখা এবং ঘরের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। ঘরে ধুলাবালি জমতে দেওয়া যাবে না। মশার কয়েল, ধূপ, সিগারেটের ধোঁয়া বা অন্য কোনো ধরনের ধোঁয়া থেকেও শিশুকে দূরে রাখতে হবে।

এ ছাড়া নিয়মিত হাত ধোয়ার অভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং সুষম খাবার শিশুর সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। শিশুর হাঁপানি বা অন্য কোনো শ্বাসতন্ত্রের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনহেলার ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শে মৌসুমি ফ্লুর টিকাও নেওয়া যেতে পারে।

শিশুর কাশি বা শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী হলে কিংবা লক্ষণ বাড়তে থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শীতের সময় দূষিত বাতাস ও সংক্রমণ থেকে শিশুকে যতটা সম্ভব সুরক্ষিত রাখাই সুস্থ শ্বাসতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।
নবচেতনা/এআর