শুটিং সেটে হাত বিচ্ছিন্ন হওয়ার অবস্থা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন লারা দত্ত

নবচেতনা বিনোদন ডেস্ক : ‘রামায়ণ’ সিনেমায় কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে তার সাজপোশাক নিয়েও কম আলোচনা হয়নি। তবে চরিত্রের জন্য প্রস্তুত হওয়ার নেপথ্যে যে এমন বিপত্তি ঘটেছিল, তা এত দিন অজানাই ছিল দর্শকদের কাছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। তাঁর দাবি, শুটিংয়ের সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে কব্জি প্রায় কেটে যাওয়ার উপক্রম হয়েছিল।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ধীরে ধীরে কৈকেয়ীর সাজে সেজে উঠছেন লারা। জমকালো পোশাক, ভারী গয়না আর মেকআপে তাকে পর্দার চরিত্রটির মতো করে প্রস্তুত করছেন মেকআপ ও কস্টিউম বিভাগের সদস্যরা। তবে ভিডিওর একটি অংশে চোখ আটকে যায় দর্শকদের। সেখানে দেখা যায়, অভিনেত্রীর কব্জিতে আটকে যাওয়া ব্রেসলেট খুলতে ব্যবহার করা হচ্ছে করাত।

ব্রেসলেটটি কোনোভাবেই হাত থেকে বের করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত সেটি কেটে বের করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় কব্জির ওপর একটি বড় তোয়ালে রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে করাত দিয়ে ব্রেসলেটটি কাটতে দেখা যায়। মেকআপ রুমে তখন রীতিমতো উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল। সবাই চিন্তিত ছিলেন, কীভাবে নিরাপদে গয়নাটি খোলা সম্ভব হবে।

ভিডিওর সঙ্গে লারা লেখেন, কৈকেয়ী হয়ে ওঠার জন্য পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে। এমনকি কব্জি প্রায় কেটে ফেলার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। এদিকে সিনেমা মুক্তির পর লারার সাজপোশাক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে। বিশেষ করে দ্বাপর যুগের কৈকেয়ীকে শিফন শাড়িতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সেই সময় রানিরা এমন পোশাক পরতেন কি না।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে লারা বলেন, কেন নির্দিষ্ট ধরনের পোশাক বেছে নেয়া হয়েছিল এবং সেগুলো কীভাবে পর্দায় তুলে ধরা হয়েছে, সেই কারণ নির্মাতারা জানেন। এত বড় মাপের সিনেমা দর্শকদের সামনে তুলে ধরার পর ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত সমালোচনা হচ্ছে বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস
নবচেতনা/এআর