নবচেতনা শিক্ষাঙ্গন ডেস্ক : সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের জন্য বিশেষ নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত দুটি পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্যদের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী যানবাহন, অনলাইন শপিংয়ের বাহন এবং সরকারি গাড়ি এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মোটরসাইকেল ব্যবহারকারীদের বিশেষ নিরাপত্তা স্টিকারের জন্য আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অফিসপ্রধানের সুপারিশ, মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। আগামী ২০ নভেম্বরের পর প্রক্টর অফিসের নির্ধারিত স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেলের ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
প্রশাসনের এ পদক্ষেপের পেছনে রয়েছে গত ৮ থেকে ১০ নভেম্বর ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা। এ তিন দিনে ক্যাম্পাসের অন্তত ১১টি স্থানে ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ৮ নভেম্বর টিএসসি, সিনেট ভবন, ভিসি চত্বর, জগন্নাথ হল, ফজলুল হক মুসলিম হল, মধুর ক্যান্টিনসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটে। পরদিন ৯ নভেম্বর টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশন ও রাজু ভাস্কর্যের সামনে আবারও ককটেল বিস্ফোরণ হয়। ১০ নভেম্বর কলাভবনের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একটি শিক্ষকের ব্যক্তিগত গাড়িতে ককটেল বিস্ফোরিত হলে চালক সোহেল (৩৬) স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। এসব ঘটনায় কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
এদিকে, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। গত ১২ নভেম্বর ককটেল বিস্ফোরণে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী মো. রায়হান খানকে সাময়িক বহিষ্কার করা হয়। একই ঘটনায় প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন কর্মকর্তা নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমান উল্লাহকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলাও দায়ের করা হয়েছে।
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে গত ১০ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট ও কলাপসিবল গেট স্থাপন, পুলিশি টহল জোরদার, অচল সিসিটিভি ক্যামেরা মেরামত এবং ভবিষ্যতে এআই ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার যানবাহন প্রবেশ ও মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ জারি করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নবচেতনা/এআর

