মাদারীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই শহীদ মিনারটি মাদারীপুরের ভাষা আন্দোলনের চেতনা, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শহীদ মিনারটি নির্মাণের মধ্য দিয়ে মাদারীপুরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য একটি কেন্দ্রীয় ও সুপরিকল্পিত স্থাপনা যুক্ত হলো।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।