রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ : একসময় যে জমিতে বছরে বোরো, আমন ও সরিষার আবাদ হতো, সেখানে এখন জমে থাকে হাঁটু থেকে কোমর সমান পানি। ব্রিজের মুখ বন্ধ আর অপরিকল্পিত পুকুর খননের কারণে পানি বের হতে না পেরে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ১৩টি মৌজায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। স্থানীয় কৃষকদের হিসাবে, এতে অন্তত ছয় হাজার বিঘা জমি পাঁচ বছর ধরে অনাবাদি পড়ে আছে। ফসল উৎপাদন করতে না পেরে ঋণগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। জমি বিক্রি করতে গেলেও মিলছে না ন্যায্যমূল্য।
সম্প্রতি সরেজমিনে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর, ক্ষুদ্র সিমলা, কালিকাপুর, খেইসর, জালশুকা হরিনচরা, পুকুরপার ও দবিরগঞ্জ এবং তাড়াশ উপজেলার ঝুরঝুরি, বোয়ালিয়া, মাধবপুর, পাগলাপারা ও মথুরাপুর মৌজায় গিয়ে জলাবদ্ধতার এমন চিত্র দেখা গেছে। কোথাও জমিতে হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। বিস্তীর্ণ ফসলি জমি পড়ে আছে অনাবাদি।
স্থানীয়দের ভাষ্য, পানি নিষ্কাশনের পথ বন্ধ করে ব্রিজের মুখে মাটি ফেলা এবং যেখানে-সেখানে পুকুর খননের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কার্যকর উদ্যোগ না পাওয়ায় বছরের পর বছর ক্ষতির বোঝা টানছেন তারা।
সরেজমিনে তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামের একটি ব্রিজের মুখ মাটি দিয়ে বন্ধ করে রাখতে দেখা গেছে। এতে পানি চলাচল করতে না পেরে আশপাশের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এভাবে একাধিক ব্রিজের মুখ বন্ধ করা হয়েছে। পাশাপাশি অপরিকল্পিত পুকুর খননের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথও বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের হিসাবে, তাড়াশ উপজেলার সীমান্তবর্তী পাঁচটি এবং উল্লাপাড়া উপজেলার আটটি মৌজার জমি এ জলাবদ্ধতার শিকার। সব মিলিয়ে ১৩টি মৌজায় প্রায় ছয় হাজার বিঘা জমিতে স্বাভাবিকভাবে ফসল উৎপাদন করা যাচ্ছে না। আগরপুর মৌজার কৃষক এমদাদুল হকের (৪০) প্রায় ২০ বিঘা জমি পাঁচ বছর ধরে অনাবাদি পড়ে আছে। তিনি বলেন, ব্রিজের মুখ বন্ধ ও যেখানে-সেখানে পুকুর খননের কারণে জমিতে পানি জমে থাকে। তার বংশের অন্তত ২০ বিঘা জমিতে দীর্ঘ পাঁচ বছর ধরে ফসল ফলানো যাচ্ছে না। জমি অনাবাদি থাকায় তারা খুব কষ্টে আছেন।
ুআগরপুর গ্রামের কৃষক নজরুল শেখ (৫৫) বলেন, পাঁচ বছর আগেও এসব জমিতে বোরো, আমন ও সরিষার আবাদ হতো। কিন্তু জলাবদ্ধতার কারণে এখন কোনো ফসলই চাষ করা যাচ্ছে না। ব্রিজের মুখ বন্ধ ও পুকুর খননের কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ১০ থেকে ১২টি মৌজার কয়েক হাজার বিঘা ফসলি জমি অনাবাদি পড়ে আছে। ব্রিজগুলোর মুখ খুলে দিলে এসব এলাকার শত শত কৃষক উপকৃত হবেন। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিও লাভবান হবে।
স্থানীয় হাবিবুর রহমান বলেন, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ১৩টি মৌজায় অন্তত ছয় হাজার বিঘা জমিতে জলাবদ্ধতার কারণে কৃষকেরা ফসল উৎপাদন করতে পারছেন না। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিজের জমিতে আবাদ করতে না পেরে অনেক কৃষক খাদ্যসংকটেও পড়ছেন। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো সমাধান হয়নি। এ অঞ্চলের অনেক জমিতে আগে বছরে তিন ধরনের ফসল উৎপাদন হতো। কিন্তু জলাবদ্ধতার কারণে সেই জমিগুলো এখন কৃষিকাজের অনুপযোগী হয়ে পড়েছে। জমি অনাবাদি থাকায় কৃষকেরা শুধু ফসলের আয় থেকেই বঞ্চিত হচ্ছেন না, জমি বিক্রি করতে গেলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উল্লাপাড়া উপজেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৩২ হাজার ৭৭৫ হেক্টর। এর মধ্যে দুই ফসলি জমি ১৯ হাজার ২৬৫ হেক্টর, তিন ফসলি জমি ১২ হাজার ২৫৫ হেক্টর এবং এক ফসলি জমি ১ হাজার ৩০ হেক্টর। এ উপজেলায় অনাবাদি জমির পরিমাণ ৪১ হেক্টর। অন্যদিকে, তাড়াশ উপজেলায় আবাদি জমির পরিমাণ ২২ হাজার ১১৫ হেক্টর। সেখানে অনাবাদি জমি রয়েছে ১৮৫ হেক্টর।
জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, উল্লাপাড়া ও তাড়াশে অপরিকল্পিতভাবে অসংখ্য পুকুর খনন করা হয়েছে। এতে পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন ফসলি জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে যেসব জমিতে আগে বছরে তিন ধরনের ফসল উৎপাদন হতো, সেসব জমিতে এখন কোনো ফসলই ফলানো যাচ্ছে না। এতে কৃষকের পাশাপাশি সামগ্রিক কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওজেস আলী জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে বলেন, কৃষকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছেন, এবার দ্রুত একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব হবে।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। কেবল জলাবদ্ধতার কারণে কয়েক গ্রামের শত শত কৃষক সম্ভাবনাময় তিন ফসলি জমিতে আবাদ করতে পারছেন না।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, মাঠটি পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও সরকারি সহযোগিতায় জলাবদ্ধতা দূর করার পদক্ষেপ নেওয়া হবে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ফসলি জমিতে পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ সময় অর্থদণ্ডের পাশাপাশি খননযন্ত্র জব্দ করা হচ্ছে। তারপরও পুকুর খনন বন্ধ হচ্ছে না। তবে এ বিষয়ে জোরালো চেষ্টা অব্যাহত রয়েছে।
সিরাজগঞ্জে পানি যাওয়ার পথ বন্ধ: অনাবাদি পড়ে আছে ৬ হাজার বিঘা জমি
