নাব্যতা সংকটে ধুলাসার খাল, ঝুঁকিতে লাখো মানুষের জীবিকা


সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় পলি জমে ভরাট হয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী ধুলাসার খাল। নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে হাজারো জেলেদের ট্রলার চলাচল ও মাছ পরিবহন। জোয়ারে কোনো রকম চলাচল সম্ভব হলেও ভাটায় ডুবচরে আটকে পড়ছে মাছ ধরার ট্রলার। এতে সময়মতো ঘাটে ফিরতে না পেরে পচে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ। এমনকি ঝড়-জলোচ্ছ্বাসের পূর্বাভাসে নিরাপদ আশ্রয়ে আসতেও বিপাকে পড়ছেন জেলেরা। খালটি দ্রুত খনন না হলে বাবলাতলা মৎস্য বাজারকেন্দ্রিক লাখো মানুষের জীবন-জীবিকা হুমকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলার ধুলাসার ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজারের সঙ্গে সরাসরি জড়িত এই খাল। প্রতিদিন সমুদ্র থেকে মাছ নিয়ে ফেরার পথে ডুবচরে আটকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় ট্রলারগুলোকে। অনেক সময় মাছ পচে যায়, আবার কম দামে বিক্রি করতে বাধ্য হন জেলেরা। বিকল্প ঘাটে যেতে অতিরিক্ত জ্বালানি খরচ হওয়ায় অনেকেই মাথায় করে মাছ পরিবহন করেন।
জেলে সোবহান সিকদার বলেন, একসময় খালটিতে প্রবল স্রোত থাকলেও এখন ভাটার সময় হেঁটে একপাড় থেকে অন্যপাড়ে যাওয়া যায়। ডুবচরে ট্রলার আটকে থাকায় সময়মতো মাছ ঘাটে পৌঁছানো সম্ভব হয় না। এতে জেলেদের আর্থিক ক্ষতি হচ্ছে।
বাবলাতলা বাজারের আড়ত মালিক ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, শীত মৌসুমে এ বাজারে কোটি টাকার মাছের ব্যবসা হয়। কিন্তু খালের মোহনায় বালু জমে বড় ট্রলার চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত খনন না হলে অনেক জেলেকে পেশা পরিবর্তন করতে হবে।
ব্যবসায়ী হাজী মাসুদ বলেন, এই বাজারের অস্তিত্ব খালটির ওপর নির্ভরশীল। খালের নাব্যতা সংকটে জেলেরা ঘাটে মাছ আনতে অনীহা দেখাচ্ছেন। তাই দ্রুত খননের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, নাব্যতা কমে যাওয়া ও ডুবচরের কারণে ট্রলার চলাচলে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, যাতে দ্রুত খননের উদ্যোগ নেওয়া হয়।
বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, ধুলাসার খাল খননের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিনিধি আবেদন করলে সরেজমিনে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।