ePaper

৪৬ ঘন্টা বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি

দীর্ঘ প্রায় ৪৬ ঘন্টা বন্ধ থাকার পর আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে কয়লা ভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। যান্ত্রিক ত্রুটির কারনে বন্ধ হয়ে যাওয়া এই বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটটির মেরামত কাজ সম্পন্ন করে গতকাল শুক্রবার দিবাগত রাতে তা আবার চালু করা হয়।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান বয়লার পাইপ মেরামত করে বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ ১ নং ইউনিটটি শুক্রবার দিবাগত রাত ৮টা ৭ মিনিটে চালু করা হয়। বর্তমানে ওই ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বয়লার পাইপ ফেটে যাওয়ায় বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০ টা ১০ মিনিটে পুরোপুরি বন্ধ হয়ে যায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালুর জন্য দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। অবশেষে ৪৬ ঘন্টা পর গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮ টা ৭ মিনিটে ইউনিটটি চালু করা হয়। কয়লা ভিত্তিক বড় পুকুরিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটিও ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ। গত বছরের ৩০ ডিসেম্বর ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে ১৫ দিন পর উৎপাদনে আসে চলতি বছরের ১৪ জানুয়ারি। বেশ কয়েক মাস ঢিমেতালে চলার পর গত ২২ এপ্রিল দিবাগত রাত ১০ টা ১০ মিনিটে আবার ইউনিটি বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। ৪৬ ঘন্টা বন্ধ থাকার পর ১ নং ইউনিটটি আবার চালু করায় বর্তমানে ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে যা জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। বন্ধ থাকা ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩ নং ইউনিটটি আগামী মে মাসের মধ্যে চালুর চেষ্টা চলছে। তবে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নং ইউনিটটি কবে চালু করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। উল্লেখ্য দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লার উপর ভিত্তি করে খনির পাশেই ২০০৬ সালে গড়ে ওঠে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রথম অবস্থায় ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হয়। এরপর ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি ইউনিট চালু করে এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়ায় ৫২৫ মেগাওয়াট। কিন্তু যান্ত্রিক ত্রুটিসহ নানান জটিলতায় কখনোই এই বিদ্যুৎ কেন্দ্রটি একসাথে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *