ePaper

ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ পেলেন ৩৫২ জন

মোহাম্মদ আলী, ভোলা:

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ভোলার তজুমদ্দিনে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাহিনীটি। রবিবার (১৭ মে ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় তজুমদ্দিন থানার শশীগঞ্জ বাজার সংলগ্ন কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিনে এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনে এলাকার অসহায়, দুঃস্থ ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় মোট ৩৫২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কোস্ট গার্ড কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *