রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা আশ্রয়ন প্রকল্প ২ এর অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। প্রকল্পের ২৪টি মধ্যে ১৮টিই তালাবদ্ধ মাত্র ৫-৬টি ঘরে বসবাস করছেন উপকারভোগীরা। বাকি ঘরগুলো চাবি হস্তান্তরের পর থেকেই তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
স্থানীয় ও বসবাসকারীদের অভিযোগ, দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকায় ঘরগুলোর টিউবওয়েল চুরি হয়ে যাচ্ছে। ব্যবহার না হওয়ায় ঘরগুলোও দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি কিছু ঘর ৩০ হাজার টাকায় বিক্রির পায়তারা চলছে বলেও তারা জানান। সরেজমিনে গিয়ে দেখা যায়, বসতিতে বর্তমানে ৬ জন বসবাস করছেন। এর মধ্যে ৪ জন প্রকৃত উপকারভোগী। বাকি ২ জন ৩০ হাজার টাকা করে দিয়ে ঘর কিনে বসবাস করছেন বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান বলেন, আমরা তদন্ত করে যেসব ঘর ফাঁকা রয়েছে সেগুলো বাতিল করে নতুন করে অসহায় মানুষের মাঝে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা নেব। আশ্রয়ন প্রকল্পের উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করা। কিন্তু বরাদ্দের পর তদারকির অভাবে প্রকল্পটি এখন অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
