ePaper

সরকারি গুদাম থেকে ২২৭ টন সার বিক্রির অভিযোগে স্টোরকিপার আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সারগুদাম থেকে অনুমোদন ছাড়াই ২২৭ টন সার বিক্রির অভিযোগে মো. আকতারুল ইসলাম (৩৪) নামে এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ।সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সারগুদামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. আকতারুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে। তিনি নশিপুর বিএডিসির সরকারি সারগুদামে স্টোরকিপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিএডিসি সূত্রে জানা যায় নশিপুরে কাঞ্চন ও স্টিল নামের দুটি গুদাম রয়েছে। দুটি গুদামের ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার টন। এতে এমওপি, ড্যাব ও টিএসপি সার মজুত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় সরকারি গুদাম থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রির অভিযোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গোপন তথ্য আসে। এরই পরিপ্রেক্ষিতে ইউএনও, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি প্রতিনিধিদল নশিপুর বিএডিসি সরকারি সারগুদামে অভিযান চালায়। অভিযানে আকতারুলকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও সরকারি অনুমোদন ছাড়াই গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন সময়ে গুদাম থেকে ওই ৩২৭ টন সার বিক্রি কথা স্বীকার করেন। একই সঙ্গে সরকারি অনুমোদন ছাড়াই জুলাই থেকে আগস্ট মাসের বিভিন্ন সময়ে বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন (৩৮) ও কাহারোল উপজেলার আনসারুল ইসলাম (৪২) নামের দুই ব্যক্তির কাছে ওই সার বিক্রি করেন। তাঁরা উভয়ে বিএডিসির চুক্তিবদ্ধ ডিলার।  দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। তদন্ত শেষে সরকারি সার অবৈধভাবে বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।