ব্যুরো চিফ, ফরিদপুর
ফরিদপুরের ঐতিহ্যবাহী দৈনিক ফতেহাবাদ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৪ মে) বেলা ১২টায় ফরিদপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কাটা, আলোচনা সভা ও ফটোসেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক ফতেহাবাদের সম্পাদক ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তারের সভাপতিত্বে এবং পত্রিকার নির্বাহী সম্পাদক ও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ। এছাড়া বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও এখন টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি শেখ মফিজুর রহমান শিপন, পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন, সুজন মাহমুদ এবং লিয়াকত আলী খান লাভলু।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত দেড় দশক ধরে দৈনিক ফতেহাবাদ সাধারণ মানুষের কথা তুলে ধরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিচয় দিয়ে আসছে। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি পাঠকমহলে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, গণমানুষের প্রত্যাশা ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে দৈনিক ফতেহাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথি, সাংবাদিক ও অংশগ্রহণকারীদের নিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হয়। এতে পত্রিকার পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
