ePaper

আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘নিয়ন্ত্রণহীন ও দুর্বৃত্ত সংস্থা’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আইসিসিকে ‘নিয়ন্ত্রণহীন ও দুর্বৃত্ত সংস্থা’ হিসেবে আখ্যায়িত করে এর সদস্য দেশগুলোকে অবিলম্বে আনুষ্ঠানিকভাবে আদালত থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আইসিসির সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ‘ওরা একদল দুষ্ট লোক।’

ভাষণে ট্রাম্প স্পষ্ট করে বলেন, কোনো মার্কিন সেনাসদস্য বা নাগরিককে আইসিসির বিচারের মুখোমুখি হতে দেওয়া হবে না। মার্কিন সার্বভৌমত্ব ও নাগরিকদের ওপর আইসিসির কোনো এখতিয়ার নেই বলেও দাবি করেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ট্রাম্পের কাছ থেকে এমন কড়া বক্তব্য এলো।

আইসিসির ওই পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আদালতের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ ছাড়া সংস্থাটিকে মার্কিন ডলারে লেনদেন করতে না দেওয়াসহ আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্র ভাবছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভাষণে ট্রাম্প আইসিসির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার পরিষদ ও ইউনেস্কোর কিছু নীতিরও সমালোচনা করেন। তাঁর দাবি, বিশ্বায়নপন্থী এসব আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন দেশের নিজস্ব ঐতিহ্য ও সীমান্ত সুরক্ষাকে ক্ষতিগ্রস্ত করছে।

জাতিসংঘ প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের চাপে সংস্থাটিতে সংস্কার আনা হয়েছে। এর ফলে জাতিসংঘের বাজেট ১৫ শতাংশ কমানো এবং প্রায় ৪ হাজার কর্মকর্তা ছাঁটাই করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী জাহাজে কার্বন কর আরোপের পরিকল্পনাও যুক্তরাষ্ট্রের চাপে আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।

নিজেকে বিশ্বায়নপন্থী এজেন্ডার বিরোধী হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই তার সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার প্রশ্নে আপস করবে না।