ePaper

বীনগরের ইতিহাসে নতুন অধ্যায় — তিন সাংসদের পদচারণায় উন্নয়নের সম্ভাবনার দ্বার উন্মোচন

হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি

প্রথমবারের মতো এক অনন্য রাজনৈতিক মাইলফলকের সাক্ষী হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাস্তবতায় এই উপজেলার রাজনৈতিক ইতিহাসে যুক্ত হয়েছে গৌরবময় এক নতুন অধ্যায়। সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিত্বের পাশাপাশি সংরক্ষিত আসনের অন্তর্ভুক্তিতে এবার নবীনগর পেয়েছে তিনজন সংসদ সদস্য—যা এ অঞ্চলের জন্য এক নজিরবিহীন ঘটনা।

এই তিনজন সাংসদের বিশেষত্ব হলো—তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে নবীনগরের মাটির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। জন্মসূত্রে কিংবা পৈত্রিক সূত্রে তাদের শেকড় এই জনপদে প্রোথিত। সরাসরি ভোটে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান উপজেলার আলীয়াবাদ গ্রামের কৃতী সন্তান। সংরক্ষিত আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পৈত্রিক নিবাস লাউর ফতেহপুর গ্রামে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজের পৈত্রিক বাড়ি শাহপুর গ্রামে অবস্থিত।

রাজনৈতিক ভিন্নমত ও দলীয় অবস্থান থাকা সত্ত্বেও এই তিনজন প্রতিনিধি একই ভৌগোলিক পরিচয়ের অংশ—নবীনগর। ফলে সংসদে তারা নবীনগরের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের প্রশ্নে এক অভিন্ন কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন—এমন প্রত্যাশা স্থানীয় জনগণের। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানসহ নানা ক্ষেত্রে দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন বাস্তবায়নে তাদের সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, নবীনগরের এই রাজনৈতিক বাস্তবতা একটি ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে, যেখানে ভিন্ন দলীয় অবস্থানের সাংসদরা নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী হবেন। এতে করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা আরও জোরদার হবে। স্থানীয় সচেতন মহলের মতে, এখন সময় দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার। রাজনৈতিক বিভাজন ভুলে উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিলে নবীনগর একটি মডেল উপজেলায় পরিণত হতে পারে। তিন সাংসদের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবীনগরের সাধারণ মানুষের প্রত্যাশা—তাদের নির্বাচিত ও মনোনীত প্রতিনিধিরা দায়িত্বশীলতা, সততা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে এই জনপদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন। তারা চান, নবীনগর হয়ে উঠুক আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি উন্নত ও বাসযোগ্য এলাকা।

সবশেষে বলা যায়, নবীনগরের এই অর্জন কেবল একটি রাজনৈতিক সাফল্য নয়; এটি ভবিষ্যতের উন্নয়ন অভিযাত্রার একটি শক্ত ভিত্তি। সম্মিলিত উদ্যোগ, কার্যকর নেতৃত্ব এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে নবীনগর একদিন সত্যিই একটি আদর্শ উপজেলায় রূপ নেবে—এমন আশাবাদ সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *