ePaper

সিরাজগঞ্জে বাড়ছে দুর্ঘটনা সড়ক বাতি ও নিরাপত্তার দাবি

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় একটি ওভারব্রিজের আইল্যান্ডকে কেন্দ্র করে আশঙ্কাজনক হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাব ও সতর্কতামূলক চিহ্ন না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, মহাসড়কের ওই অংশটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় দিন-রাত যানবাহনের চাপ লেগেই থাকে। কিন্তু আইল্যান্ডটি অরক্ষিত এবং রাতে স্পষ্টভাবে দৃশ্যমান না হওয়ায় দ্রুতগতির যানবাহন প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে এতে ধাক্কা দিচ্ছে। এতে যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে এলাকাটি অন্ধকারে ঢেকে যায়। ফলে দূর থেকে আসা চালকদের জন্য আইল্যান্ডটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তারা দ্রুত ল্যাম্পপোস্ট স্থাপন, রিফ্লেক্টিভ সাইনবোর্ড বসানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

সরেজমিনে দেখা গেছে, আইল্যান্ডটির চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং সতর্কতামূলক চিহ্নও অপ্রতুল। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, চান্দাইকোনা এলাকায় ওভারব্রিজের আইল্যান্ড ঘিরে দুর্ঘটনার বিষয়টি আমাদের নজরে রয়েছে। বিশেষ করে রাতের বেলায় আলোর স্বল্পতার কারণে ঝুঁকি বাড়ছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হবে। একই সঙ্গে চালকদের সতর্ক হয়ে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী জানান, চান্দাইকোনা এলাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হবে। বিশেষ করে সড়কবাতি ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *