মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ পৌরসভার ০৩ নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ রাস্তা মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) বেলা আনুমানিক ১১টায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, জনগণের চলাচল সহজ ও নিরাপদ করতে পৌরসভার বিভিন্ন সড়কের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এই রাস্তা মেরামতের ফলে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি আলহাজ এম. রফিকুল ইসলাম রহিম, পৌরসভার প্রকৌশলী মোয়াক্ষির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ডা. মোস্তাফিজুর রহমান বাবলুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিএনপির নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও মুরব্বিরা।
স্থানীয় বাসিন্দারা রাস্তা মেরামত কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও চলাচলে অসুবিধা ছিল। সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং জনসাধারণ উপকৃত হবে।
উল্লেখ্য, মেলান্দহ পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
