সৌমিত্র সুমন,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং হীড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) এর মৎস্য খাতের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে পাখিমারা শাখার উদ্যোগে উত্তর নাওভাঙ্গা গ্রামে “পুষ্টি সংবেদনশীল মলা মাছের ব্রুড ব্যাংক স্থাপন” শীর্ষক প্রদর্শনীর উপর ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) উত্তর নাওভাঙ্গা গ্রামের সুমন সরকারের বাড়িতে আয়োজিত এ সভায় স্থানীয় প্রায় ৭৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভায় স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) এর মৎস্য কর্মকর্তা জনাব ইমরান হোসেন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। এসময় সফল মৎস্য চাষি সুমন সরকার মলা মাছের চাষাবাদ ও উত্তম ব্যবস্থাপনা সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা উপস্থিত সদস্যদের মাঝে তুলে ধরেন।

সভায় মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন মলা মাছ চাষের গুরুত্ব এবং পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন-এ, ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রন রয়েছে, যা নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শিশুদের রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল করিম, শাখা ব্যবস্থাপক, হীড বাংলাদেশ পাখিমারা শাখা; ডাঃ মোঃ ইব্রাহিম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা; আসাদুজ্জামান আনিচ, সহকারী মৎস্য কর্মকর্তা; জয় প্রকাশ রায়, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এবং মোঃ আবুল বাসার, ক্রেডিট অফিসারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

