ePaper

জাতিসংঘ নিখুঁত কোনো প্রতিষ্ঠান নয়, তবে অপরিহার্য

ঢাকা, ২৫ সেপ্টেম্বর: জাতিসংঘ নিখুঁত কোনো প্রতিষ্ঠান নয়, তবে বৈশ্বিক শান্তি, সহযোগিতা ও বহুপাক্ষিক কূটনীতির জন্য এটি অপরিহার্য। একই সঙ্গে সংস্থাটিকে আরও কার্যকর ও ভবিষ্যৎ উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারও জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে তা চিহ্নিত করতে হবে এবং যেসব কাঠামো বা পদ্ধতি আর কার্যকর নয়, সেগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। তাঁর মতে, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে জাতিসংঘকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক হতে হবে।

তিনি বলেন, শুধু রাষ্ট্রনেতা বা নীতিনির্ধারকদের নয়, শিল্পখাতের নেতৃত্ব, তরুণ উদ্ভাবক ও পরিবর্তনকামী নতুন প্রজন্মের কণ্ঠস্বরও সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় যুক্ত করা প্রয়োজন। এতে সংস্থাটির কার্যক্রম আরও প্রতিনিধিত্বশীল ও কার্যকর হবে।

আস্থার বিষয়ে তিনি বলেন, “আস্থা চেয়ে পাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।” জাতিসংঘের প্রতি বৈশ্বিক জনগণের আস্থা সুদৃঢ় করতে সংস্থাটিকে আরও জবাবদিহিমূলক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আরও বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে, যা বর্তমান বিশ্বের কঠিন বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে যথেষ্ট সাহসী এবং বিভিন্ন অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করতে যথেষ্ট উন্মুক্ত।

ড. খলিলুর রহমানের মতে, সময়োপযোগী সংস্কার, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে জাতিসংঘকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।