কাজী মামুন,পটুয়াখালী
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে পটুয়াখালী জেলায় এখন চলছে ব্যাপক প্রস্তুতি। পরীক্ষাকে সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রশাসন, শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে পরীক্ষার্থীদের মাঝেও দেখা গেছে উদ্বেগ, প্রস্তুতি আর শেষ সময়ের পড়াশোনার চাপ। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার আসন বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থা, প্রশ্নপত্র সংরক্ষণ ও পরিবহনসহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে ইতোমধ্যে পরিদর্শন শুরু করেছে প্রশাসনের একাধিক টিম। কোথাও যেন কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
অন্যদিকে, পরীক্ষার্থীরা শেষ মুহূর্তে বই-খাতা নিয়ে ব্যস্ত সময় পার করছে। কেউ কোচিং সেন্টারে শেষ প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার বাসায় বসে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঝালিয়ে নিচ্ছে। অনেক অভিভাবকও সন্তানদের নিয়ে উদ্বেগে রয়েছেন। পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী জানান, “পরীক্ষা নিয়ে একটু চাপ তো আছেই। তবে ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, আশা করছি ভালো ফল করবো।” জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া প্রশ্নফাঁস বা গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, সব প্রস্তুতি শেষে এখন শুধু পরীক্ষার দিন গোনার পালা। পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস ও কর্তৃপক্ষের তৎপরতায় পটুয়াখালীতে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
