ePaper

কেশবপুরে নারী ও শিশুদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজীব চৌধুরী,কেশবপুর

যশোর জেলার  কেশবপুর উপজেলার ছোট দোরমুটিয়া এলাকায় যাতায়াতের রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে এক গৃহবধূ ও তার শিশু সন্তানদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে বৃহস্পতিবার(২৫ শে জুন ২০২৬ খ্রিঃ) কেশবপুর নিউজ ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাবিনা ইয়াছমিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবিনা ইয়াছমিন জানান, প্রতিবেশী মোঃ জাকারিয়া, খাদিজা বেগম, মর্জিনা বেগম ও তহুরা খাতুন গংদের সাথে দীর্ঘদিন ধরে তাদের বাড়ি যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এর জেরে প্রায় দেড় মাস আগে অভিযুক্তরা রাস্তার ওপর খুঁটি ও কাঁটা ফেলে তাদের চলাচলের পথ বন্ধ করে দেয়।

”গত ২০ জুন বিকেলে রাস্তা থেকে কাঁটা সরানোর চেষ্টা করলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে আমার ওপর হামলা চালায়। শুধু তাই নয়, আমার কোলে থাকা ২ বছরের কন্যাসন্তান নুসরাতকে কেড়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলা হয়, এতে তার চোখে মারাত্মক জখম হয়। এমনকি আমার প্রতিবন্ধী ছেলেকেও তারা মারধর করেছে।তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা এ সময় তার গলা থেকে ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।তবে উপরোক্ত বিষয়ে অভিযুক্ত মোঃ জাকারিয়া, খাদিজা বেগম, মর্জিনা বেগম ও তহুরা খাতুন গংদের কাছে জানতে চাইলে তারা কোন বক্তব্য দিতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *