চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

উত্তম দাম

গতকাল সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, পটুয়াখালীর সদর থানাধীন লোহালিয়া নদী সংলগ্ন পালপাড়া এলাকায় গত ৪ অক্টোবর ২০২৬ রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ভারত হতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২১ হাজার কেজি জিরাসহ কার্গো বোটটি জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত জিরা ও কার্গো বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।