ধামরাইয়ে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রবিউল করিম, ধামরাই প্রতিনিধ

  ঢাকার ধামরাইয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার ২৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন এবং পূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন এবং সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহারিয়ার।

এছাড়া উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলার ২৩২টি পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।