ePaper

পাটুয়ারটেক সমুদ্র সৈকত: পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন.একই স্থানে বসেই উপভোগ করুন পাহাড় ও সাগরের অপূর্ব মিলন

ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি ভ্রাম্যমাণ

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকতের জন্য পরিচিত কক্সবাজারে যুক্ত হচ্ছে নতুন আকর্ষণ—পাটুয়ারটেক সমুদ্র সৈকত। প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ এই সৈকতভূমির সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতি বছর লাখো পর্যটক ভিড় জমালেও, এতদিন ভ্রমণ সীমাবদ্ধ ছিল কলাতলি, সুগন্ধা, লাবণি, হিমছড়ি কিংবা মেরিন ড্রাইভ কেন্দ্রিক এলাকাগুলোতে।তবে সাম্প্রতিক সময়ে পাটুয়ারটেক সমুদ্র সৈকত নতুনভাবে নজর কাড়ছে পর্যটকদের। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সৈকতের এক পাশে বিস্তৃত নীল সমুদ্র, অন্য পাশে সবুজে ঘেরা পাহাড়—যা এক অনন্য অভিজ্ঞতা দেয় ভ্রমণপিপাসুদের। অন্যান্য জনপ্রিয় সৈকতের তুলনায় পাটুয়ারটেক এখনো অনেকটাই নিরিবিলি। ফলে যারা ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে প্রকৃতি উপভোগ করতে চান, তাদের জন্য এটি হয়ে উঠছে আদর্শ গন্তব্য। দিন দিন এই সৈকতের প্রতি আগ্রহ বাড়ছে পর্যটকদের, যা ভবিষ্যতে এটিকে একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে পরিণত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে সূর্যাস্তের সময় পাটুয়ারটেকের সৌন্দর্য অন্য মাত্রা পায়। লাল আভায় রাঙা আকাশ, সমুদ্রের ঢেউ এবং পাহাড়ের ছায়া মিলিয়ে সৃষ্টি হয় মনোমুগ্ধকর দৃশ্য। সমুদ্রের গর্জন আর প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ পর্যটকদের মনে রেখে যায় দীর্ঘস্থায়ী ছাপ। এখানকার অন্যতম আকর্ষণ হলো—একই স্থান থেকে সমুদ্র ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা। দূরে জেলেদের নৌকা, আর কাছাকাছি ঢেউয়ের শব্দ মিলিয়ে পুরো পরিবেশ হয়ে ওঠে জীবন্ত ও উপভোগ্য।

যাতায়াত ব্যবস্থা:

পাটুয়ারটেক যেতে হলে প্রথমে কক্সবাজার শহরে পৌঁছাতে হয়। ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশপথে সহজেই কক্সবাজার যাওয়া যায়। বাসে যাত্রায় সময় লাগে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা।

কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে অটোরিকশা, সিএনজি বা ভাড়ায় চালিত মোটরসাইকেলের মাধ্যমে সহজেই পাটুয়ারটেক সমুদ্র সৈকতে পৌঁছানো যায়। যাতায়াত খরচ তুলনামূলক কম এবং সময়ও স্বল্প।

সম্ভাবনার নতুন নাম:

সব মিলিয়ে পাটুয়ারটেক সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন শিল্পে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ এবং ব্যতিক্রমী অভিজ্ঞতার জন্য এটি দ্রুতই ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *