ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর সাহাপাড়া (উত্তর পাড়া) এলাকায় মাদকবিরোধী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় যুবসমাজ। তাদের এ উদ্যোগে এলাকায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং মাদকের বিরুদ্ধে জনমত আরও জোরালো হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে উত্তর দৌলতপুর সাহাপাড়া এলাকায় স্থানীয় কয়েকজন যুবক গাঁজা সেবনের সময় দুই যুবককে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবে না—এই শর্তে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। অনেকেই মন্তব্য করেন, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের সামাজিক প্রতিরোধ গড়ে উঠলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আটক ব্যক্তিদের যথাযথভাবে পুলিশের কাছে সোপর্দ করার পরামর্শও দিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে স্থানীয় যুবসমাজের পক্ষ থেকে জানানো হয়, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সাহাপাড়া যুব সমাজ বলেন মাদকসহ যেকোনো অপরাধ ও সামাজিক অপকর্মের বিরুদ্ধে আমরা অতীতেও সোচ্চার ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগে মাদকবিরোধী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার হলে ফুলগাজীতে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।
