গজারিয়ায় সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা :মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকার নির্ধারিত মূল্যে নিয়মিত সার বিক্রি করে স্থানীয় প্রান্তিক কৃষকদের আস্থা অর্জন করেছে মেসার্স মোয়াজ্জেম ট্রেডার্স।
উপজেলার হোসেন্দী এলাকায় অবস্থিত সরকার নির্ধারিত খুচরা ও পাইকারি সার বিক্রয়কেন্দ্রটির স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন। ১৯৯৭ সাল থেকে প্রতিষ্ঠানটি সার বিক্রির কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত মূল্যে ইউরিয়া প্রতি কেজি ২৭ টাকা, টিএসপি ২৭ টাকা, এমওপি ২০ টাকা এবং ডিএপি ২১ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় কৃষক জামালের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা চাহিদা অনুযায়ী নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন। সার সংগ্রহ করতে গিয়ে কোনো ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে না বলেও জানান তিনি।
স্থানীয়দের মতে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির এ ধারাবাহিকতা ইতিবাচক ভূমিকা রাখছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক জানান, গজারিয়া উপজেলায় কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুত রয়েছে। সার ডিলাররা নির্ধারিত ইউনিয়নের চাহিদা পূরণ করার পর অন্য ইউনিয়নেও সার বিক্রি করতে পারবেন।
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির এ কার্যক্রম অব্যাহত থাকলে স্থানীয় কৃষকেরা উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।