নরসিংদী জেলা সংবাদদাতা : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার মঞ্জিলখোলা মাঠে পায়রা উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. আওয়াল, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চুসহ অন্যরা।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং দেশের রপ্তানি বাণিজ্যে এ খাতের সম্ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন জাতের বিদেশি পোষা বিড়াল প্রদর্শন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন খামারি ও উদ্যোক্তার অংশগ্রহণে আয়োজিত স্টল পরিদর্শন করেন। এ সময় খামারিদের উদ্যোগ ও উৎপাদিত বিভিন্ন পণ্য সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
নরসিংদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন




