ঝালকাঠিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ঝালকাঠি জেলা সংবাদদাতা : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ দপ্তর, ঝালকাঠি এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধন শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ঝালকাঠি সদরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, স্থানীয় খামারি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিতে কৃষ্ণকাঠির তানভীর পোল্ট্রি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তা তানভীরসহ স্থানীয় খামারিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদ বরন জয়ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ প্রতিরোধ, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
তাঁরা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬-এ সুসজ্জিত প্রবেশদ্বার ও বিভিন্ন স্টলের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি, উৎপাদন পদ্ধতি এবং সম্ভাবনাময় উদ্যোগ তুলে ধরা হয়। প্রদর্শনীতে স্থানীয় খামারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণ তাঁদের আগ্রহ ও সম্ভাবনাকে সামনে নিয়ে আসে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও খামারিদের অংশগ্রহণ বাড়ানো গেলে ঝালকাঠির প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।
আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং রপ্তানির সম্ভাবনা তুলে ধরার প্রত্যাশা রয়েছে।