কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল


কুষ্টিয়া জেলা সংবাদদাতা : কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুষ্টিয়া জেলা কারাগারের সামনে আসে। এ সময় তারা সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। এসব ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তাঁদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কারাগারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও কারা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।